কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৫ মার্কিন নাগরিকসহ নিহত ৭

কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৫ মার্কিন নাগরিকসহ নিহত ৭

আন্তজার্তিক ডেস্ক : August 20, 2026

কেনিয়ার উত্তরাঞ্চলের একটি দুর্গম এলাকায় সাফারি পর্যটকদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ আরোহী সাতজনের সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন মার্কিন নাগরিক, ইকুয়েডরের গোয়েন্দা প্রধান এবং যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ সাংবাদিক রয়েছেন।

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১৩ মিনিটে স্যামবুরু কাউন্টির লোইসাব সংরাক্ষিত বনাঞ্চল থেকে ইওয়াসো নাইরো এলাকার দিকে যাওয়ার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখে পড়ে।

দুর্ঘটনায় কোনো আরোহীই জীবিত বাঁচেনি বলে নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ কমান্ডার ডেভিড এনকোরোই। নিহতদের মধ্যে ইকুয়েডরের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান মিশেল সেন্সি-কনতুগি ও তার স্ত্রী স্টেফানি হোলিহান এবং এনবিসি-ইউনিভার্সালের সহযোগী প্রতিষ্ঠান টেলেমুন্ডোর আঞ্চলিক প্রধান হোসে আলবার্তো সুয়ারেজ রয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের পাঁচজন নাগরিক রয়েছেন।

স্থানটি মাউন্ট ওলোলোকওয়ে পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার অভিযানে মারাত্মক বেগ পেতে হচ্ছে। এর তথ্যানুযায়ী, লেডি লোরি হেলিকপ্টার্স-এর মালিকানাধীন ইউরোকপ্টার ইসি১৩০ বি৪ মডেলের বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে আগুন ধরে যায়। কেনিয়া রেড ক্রস ও স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো পাহাড়ি দুর্গম পথ ও সক্রিয় আগুনের কারণে নিখোঁজদের মরদেহ উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। ট্রপিক এয়ার কেনিয়া উদ্ধারকাজে সহায়তার জন্য দুটি হেলিকপ্টার পাঠিয়েছে।

Share This