আজ শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে দুই ঘণ্টাব্যাপী এই পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। এতে অংশ নিতে যাচ্ছেন দুই লাখ ৯০ হাজার ৯৫১ পরীক্ষার্থী।
এই বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। যারমধ্যে মোট ক্যাডার পদ সংখ্যা ১ হাজার ৭৫৫টি। এরমধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাবেন ৬৫০ জন। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ ও পুলিশ ক্যাডারে ১১৭ জন নিয়োগ পাবেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, সেই লক্ষ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিং বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে ৫০তম পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএসসি আরও জানায়, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এরমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ইতোমধ্যে ম্যাজিস্ট্রেট, কেন্দ্র পরিদর্শক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পাশাপাশি সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিসিএস প্রিলিমিনারির পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা দিয়ে পিএসসি জানায়, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে অবশ্যই নিজ নিজ হলের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষা হলের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে। এরপর কোনো অবস্থাতেই কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
এছাড়া পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি (এনালগ বা ডিজিটাল), মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না, চাবি ও কোনো ধরনের ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া পরীক্ষার সময় প্রার্থীদের দুই কান দৃশ্যমান রাখতে হবে কানে কোনো শ্রবণযন্ত্র বা আবরণ রাখা যাবে না। যদি কোনো প্রার্থীর কাছে এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া যায় তবে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পিএসসি বলছে, প্রতিটি পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীদের সময় দেখার জন্য দেয়াল ঘড়ি সরবরাহ করা হবে।
এরআগে গতকাল বৃহস্পতিবার ২৯ জানুয়ারি) ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। ফলে আজ শুক্রবারের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে বাধা কেটে যায়।
৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে এনামুল হকসহ চার প্রার্থী গত বুধবার রিটটি করেন। আদালতে রিট আবেদনকারীদের আইনজীবী নাজমুস সাকিব শুনানি করেছিলেন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।