সাতক্ষীরার তালা উপজেলায় অভিযান চালিয়ে একটি কথিত ‘সীমানা পিলার’ উদ্ধারসহ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদারের তত্ত্বাবধানে তালা থানা পুলিশের একটি বিশেষ দল নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ৫ জুন রাত সাড়ে ১০টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে একটি পাথরের তৈরি সীমানা পিলার উদ্ধার করা হয়, যার গায়ে ‘1818’ এবং ‘EAST INDIA COMPANY’ লেখা খোদাই করা রয়েছে। একই সঙ্গে একটি লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— তালা উপজেলার কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডল (৬০), খুলনার পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের তুষার কান্তি সরদার (৩৫) ও সুশান্ত সরদার (৪৪), এবং বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের যাদব সরকার (৪২)।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা ঐতিহাসিক বা মূল্যবান প্রত্নবস্তু বলে বিভিন্ন বস্তু দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে অনুসন্ধান ও প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত সীমানা পিলারটির প্রকৃত ইতিহাস ও উৎস সম্পর্কে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।