মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার সিরাজসহ গ্রেপ্তার ৪

মোহাম্মদপুরে কিশোর গ্যাং লিডার সিরাজসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক : November 16, 2026

রাজধানীর মোহাম্মদপুরে পৃথক অভিযান চালিয়ে চিহ্নিত ছিনতাইকারী ও কিশোর গ্যাং লিডার মো. সিরাজসহ একাধিক মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি-২।

 

রবিবার (১৫ নভেম্বর) রাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় অভিযান চালিয়ে সিরাজকে (২৬) গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার চিহ্নিত ছিনতাইকারী, কিশোর গ্যাং লিডার এবং একাধিক মামলার আসামি।

 

এ ছাড়া একই রাতে পৃথক অভিযান চালিয়ে মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতাল এলাকা, শহীদ সলিমুল্লাহ রোডের মোহাম্মদপুর কবরস্থান এবং শিয়া মসজিদ এলাকা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. মোক্তার হোসেন (৩৫), মো. আনোয়ার হোসেন (৩৬) ও মো. সাগর মিয়া (৩৯)।

 

এসআরবি-২-এর প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন। দীর্ঘদিন ধরে তারা ওই এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

 

এসআরবি-২ জানিয়েছে, গ্রেপ্তার সিরাজের বিরুদ্ধে পাঁচটি, মোক্তার হোসেনের বিরুদ্ধে ১০টি এবং আনোয়ার হোসেনের বিরুদ্ধে নয়টি মামলার তথ্য পাওয়া গেছে।

 

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share This