লিবিয়ায় এক বাংলাদেশি যুবককে জিম্মি করে পরিবারের কাছে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় অপহরণকারীদের কাছে পাঁচ লাখ টাকা পাঠিয়েছিলেন তাঁর বাবা। তবে টাকা দিয়েও ছেলের সঙ্গে কথা বলার সুযোগ পাননি পরিবারের সদস্যরা।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে নাটোরের সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)। তাদের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামে।
সিআইডি জানায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুস সামাদের (৭০) ছেলে মো. সাইফুল (৩৯) পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় দুই বছর আগে দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় যান। সেখানে গিয়ে তিনি মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন।
মামলার তদন্তে জানা যায়, ২০২৫ সালের ৫ আগস্ট লিবিয়ার একটি নম্বর থেকে সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে কল করে জানানো হয়, তাঁকে আটক রাখা হয়েছে। জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় তাঁকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
ছেলের জীবন বাঁচানোর আশায় ২০২৫ সালের ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশের মাধ্যমে অভিযুক্তদের দেওয়া একাধিক নম্বরে পাঁচ লাখ টাকা পাঠান পরিবারের সদস্যরা। কিন্তু টাকা পাওয়ার পরও সাইফুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ করিয়ে দেওয়া হয়নি।
এরপর সোহেল নামে এক ব্যক্তি সাইফুলের স্ত্রীকে উদ্ধারের আশ্বাস দিয়ে ঢাকার কদমতলী এলাকায় যেতে বলেন। সেখানে গিয়ে তাঁকে পাওয়া যায়নি, বন্ধ পাওয়া যায় তাঁর মোবাইল ফোনও। পরে অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ সময় জানানো হয়, লিবিয়ায় মোকাররম ও আনোয়ার নামে দুই ব্যক্তির কাছে সাইফুল আটক রয়েছেন। ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন তাঁর বাবা। এরপর থেকে পরিবারের সঙ্গে অপহরণকারীদের আর কোনো যোগাযোগ হয়নি।
এ ঘটনায় আব্দুস সামাদ বাদী হয়ে ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করেন। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডির টিএইচবি ইউনিট।
তদন্তের ধারাবাহিকতায় তথ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে সিংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মনোয়ার হোসেন ও সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মানব পাচার চক্রের অন্য সদস্যদের পরিচয়, পাচারের রুট এবং লিবিয়ায় আটক সাইফুলের অবস্থান জানার চেষ্টা চলছে। একই সঙ্গে সাইফুলকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিদেশে কর্মসংস্থানের প্রলোভনে প্রতারণা ও মানব পাচার প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিআইডি। বিদেশে যাওয়ার আগে ব্যক্তি, এজেন্সি, ভিসা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার অনুরোধও জানিয়েছে সংস্থাটি।
মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।