৭ দফা দাবিতে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

৭ দফা দাবিতে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক : September 19, 2026

গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।

সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।

এর আগেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন।

মানিক মিয়া অ্যাভিনিউয়ের সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারাসহ বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেন।

ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে গাজীপুরের ভোগড়া বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস রোড, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালির বিমান মোড় এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে লংমার্চের সমাপনী সমাবেশ হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বিভিন্ন স্থানে স্থানীয় জনগণ লংমার্চকে স্বাগত জানাতে সড়কের পাশে অবস্থান করলে তাদের অনুরোধে নেতারা সেখানেও বক্তব্য দিতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লংমার্চ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। কর্মসূচির দাবিগুলোর মধ্যে রয়েছে- গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

এর সঙ্গে পরে দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ এবং উত্তরাঞ্চলের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত করা হয়েছে।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব তথ্য জানিয়েছেন।

এর আগে, ছয় দফা দাবিতে গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি পালন করে বর্তমান বিরোধী দলগুলোর জোট।

আয়োজকদের দাবি, ওই কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার পর ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়। সেই ধারাবাহিকতায় ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে এবারও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার ও প্রশাসনের সংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতাও চেয়েছেন আয়োজকরা। এবার আগের কর্মসূচির তুলনায় বেশি জনসমাগম হবে বলে প্রত্যাশা করছেন ১১ দলীয় ঐক্যের নেতারা।

Share This