মিথ্যা প্রচারণার প্রতিবাদেই দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। তিনি লিখেছেন, ‘আমি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। হাসিনাপুত্রের সঙ্গে আমি এক হয়েছি মর্মে আমার দেশ পত্রিকা যে মিথ্যাচার করেছে, আমি সেই অসত্যকে ছিঁড়ে ফেলেছি।’
রবিবার (১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমি শেখ হাসিনাকে কটূক্তির মামলায় জেল খেটেছি। আমার কোনো বক্তব্য অপছন্দ হলে, সেটিকে রাজনৈতিক ভাষায় সমালোচনা করতে পারেন প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
সেই সমালোচনাকে আমি অবশ্যই সাধুবাদ জানাব। কিন্তু আমার দেশ যদি একটি পত্রিকা হয়ে থাকে আমাকে ‘নব্য বিএনপি বলতে পারে না’। এই অধিকার সম্পাদক মাহমুদুর রহমানের নেই। তিনি আমাকে বলতে পারেন না যে আমি শেখ হাসিনার পুত্রের সঙ্গে এক হয়েছি।
তিনি অভিযোগ করে লেখেন, ‘আমি যেহেতু জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের তথ্য সামনে এনেছি, সেহেতু পাল্টা ন্যারেটিভ হিসেবে আমার দেশ পত্রিকা সামনে এনেছে, আমি হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে এক হয়েছি।’
তিনি লেখেন, ‘এই অভিযোগ যদি জামায়াত কিংবা জামায়াত নেতা গোলাম পরওয়ার করতেন, আমি রাজনৈতিক ভাষায় জবাব দিতাম। যেহেতু জামায়াত আমার দেশ পত্রিকার মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ দাঁড় করাতে অপচেষ্টা করেছে, আমি একজন সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে বিষয়টিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেছি, মিথ্যা ও অপবাদকে ছিঁড়ে ফেলেছি।’
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার দেশ কোনো পত্রিকা না, আমি কোনো পত্রিকা ছেঁড়ার মতো ভুল করতে পারি না। এটা জামায়াতের পক্ষে ন্যারেটিভ দাঁড় করানোর একটি হাতিয়ার।
কোনো সংবাদমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কারো চরিত্র হনন কিংবা মিথ্যা অপবাদ দেওয়ার সুযোগ নেই’ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
আমার দেশ পত্রিকার নীতিমালা নিয়ে প্রশ্ন নিয়ে তুলে রাশেদ খান লেখেন, ‘পত্রিকা হতে হলে সম্পাদকীয় ও সাংবাদিকতার নীতিমালা মেনে চলা উচিত। আমার দেশ সেটির কোনো কিছু অনুসরণ করে না।’