ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর যথারীতি ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা শুরু হবে। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পরই বইমেলারও তারিখ ঘোষণা করা হবে।
রোববার (২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম বলেন, আমরা বৈঠকের বিষয় নিয়ে প্রেস রিলিজ পাঠাবো। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এর আগে, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ডিসেম্বরের ১৭ তারিখ নির্ধারণ করা হয়। গত ১৮ সেপ্টেম্বর বাংলা একাডেমির শহীদ মুনির চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা-২০২৬ এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে গত ২৮ সেপ্টেম্বর বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের একটি সিদ্ধান্ত অনুযায়ী, ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে’। এ প্রেক্ষাপটে বাপুস ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ ঠিক করা হবে।