জাতীয় নির্বাচন ও গণভোটে ইসির প্রস্তুতি জানল সুইডেন

জাতীয় নির্বাচন ও গণভোটে ইসির প্রস্তুতি জানল সুইডেন

নিজস্ব প্রতিবেদক : January 20, 2026

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক পরিস্থিতি ও প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনের (ইসি) কাছ থেকে অবহিত হয়েছে সুইডেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকাস্থ সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস। এসময় তিনি আসন্ন নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘সুইডিশ রাষ্ট্রদূত ও ফার্স্ট সেক্রেটারি নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি, ইতিপূর্বে সম্পন্ন হওয়া আপিল শুনানির পদ্ধতি এবং নির্বাচন ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চেয়েছেন।’

 

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সামাজিক যোগাযোগমাধ্যমে মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন কীভাবে মোকাবিলা করছে, সে বিষয়েও জানতে আগ্রহ প্রকাশ করেন সুইডিশ প্রতিনিধিরা।’

ইসি সচিব জানান, নির্বাচনে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা আছে কি-না সে বিষয়েও তারা প্রশ্ন করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে, ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনার বিষয়টি তাদের অবহিত করা হয়।

Share This