নির্বাচিত সরকারের অংশ হওয়ার কোনো ইচ্ছা নেই: ড. ইউনূস

নির্বাচিত সরকারের অংশ হওয়ার কোনো ইচ্ছা নেই: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক : June 11, 2025

আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সে সরকারের অংশ হওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ‘কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আমার মনে হয়, আমাদের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য এটি করতে চান না।’

বুধবার (১১ জুন) যুক্তরাজ্যের চ্যাথাম হাউজ আয়োজিত সংলাপে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

প্রশ্নোত্তর পর্বের পর তিনি চ্যাথাম হাউজের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আলোচনায় অংশ নেন।

প্রধান উপদেষ্টা জানান, তাদের কাজ হলো নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা।

তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই যে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।’

আওয়ামী লীগের বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। আমরা কেবল এটাই করেছি।’

তিনি বলেন, জাতি আপাতত দেশের নিরাপত্তা ও রাজনীতির সুরক্ষায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, অতীতে গণমাধ্যম কখনো এত স্বাধীনতা ভোগ করেনি।

Share This