৩য় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ শাহবাগ অবরোধ

৩য় দিনে গড়াল এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, আজ শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক : October 15, 2025

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ তৃতীয় দিনে গড়িয়েছে। একই দাবিতে আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে অবরোধ কর্মসূচি (ব্লকেড) ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, বুধবার দুপুর ১২টায় শাহবাগ ব্লকেড কর্মসূচি পালিত হবে। সারা দেশের শিক্ষক-কর্মচারীরা দলে দলে যোগ দিন। বিজয় আমাদের সুনিশ্চিত।

এর আগে সোমবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষকরা। তারা জানায়, সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি না হওয়ায় আন্দোলনের পরিধি ধীরে ধীরে বিস্তৃত করা হচ্ছে।

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এখনো অবস্থান করছেন শতাধিক শিক্ষক। তারা জানান, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না। সারা দেশের শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না, বরং আঙিনা ও শিক্ষক লাউঞ্জে অবস্থান কর্মসূচি পালন করছেন।

এর আগে রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনার পর সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা।

শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের রূপরেখা না পাওয়া পর্যন্ত কর্মসূচি আরও জোরদার করা হবে।

Share This