ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : February 12, 2026

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এর ভোটদান কার্যক্রমে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি রাজধানীর বারিধারাস্থ বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি জানান, দেশের সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন করেছেন বলেই ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও প্রোপাগান্ডা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। একইভাবে জাতীয় নির্বাচনে সাংবাদিকরা সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে গুজব ও অপপ্রচার রোধ করা সম্ভব হবে।

উপদেষ্টা আরও বলেন, দু’একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। তিনি এবারের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হিসেবে ঘোষণা করেন।

এরপর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

Share This