ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটারদের জন্য ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি (Smart Election Management BD)’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি বলছে, এই অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্র সংক্রান্ত সকল তথ্য সহজেই পাবেন ভোটাররা। পাশাপাশি অ্যাপটির মাধ্যমে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা, নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন নির্দেশনা এবং নির্বাচনি ফলাফলও জানা যাবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক চিঠিতে অ্যাপটি সম্পর্কে জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়, গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে সহজেই নিজ নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।
অ্যাপটিতে ভোটকেন্দ্রের নাম ও ঠিকানার পাশাপাশি কেন্দ্রের জিও লোকেশন, কেন্দ্রের ছবি, ভোটারের বর্তমান অবস্থান থেকে কেন্দ্রের দূরত্ব এবং ম্যাপ দেখার সুবিধা রয়েছে। ফলে ভোটাররা আগেই ভোটকেন্দ্রের অবস্থান সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে পারবেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে সকল প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।