উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ১১ বিষয়ে সিদ্ধান্ত

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ১১ বিষয়ে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : January 29, 2026

উপদেষ্টা পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ ১১ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

প্রেস সচিব জানান, বৈঠকে পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশের খসড়া নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ–২০২৬–এর খসড়া চূড়ান্ত অনুমোদন এবং বাংলাদেশ প্রাণী ও প্রাণীজাত পণ্য সংঘনিরোধ অধ্যাদেশ–২০২৬–এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর ২৩ মার্চ ‘বিএনসিসি ডে’ হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতিসংঘের নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তিবিরোধী কনভেনশনের ৭০(১) ধারার আওতায় বাংলাদেশ কর্তৃক পূর্বে দেওয়া ঘোষণা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যারিবীয় দেশ গায়ানায় বাংলাদেশের একটি নতুন কূটনৈতিক মিশন (সারফেয়ার্স/লোয়ার লেভেল মিশন) স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে ২০২৫–২০২৮ সময়কালের আমদানি নীতি আদেশের খসড়া, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ–২০২৬ এবং কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ–২০২৬–এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

আন্তর্জাতিক পারিবারিক আইনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে নেদারল্যান্ডসের হেগভিত্তিক ‘হেগ কনভেনশন অন সিভিল অ্যাসপেক্টস অব ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাবডাকশন–১৯৮০’–এ বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাবও বৈঠকে অনুমোদন পায়।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, এসব সিদ্ধান্ত নারীদের সুরক্ষা, মানবাধিকার সংরক্ষণ, ক্রীড়া উন্নয়ন, আন্তর্জাতিক কূটনীতি, বাণিজ্য সম্প্রসারণ ও নগর উন্নয়নে কাঠামোগত সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share This