হামের চিকিৎসায় বিএমইউতে ৮ শয্যার বিশেষায়িত ওয়ার্ড চালু

হামের চিকিৎসায় বিএমইউতে ৮ শয্যার বিশেষায়িত ওয়ার্ড চালু

নিজস্ব প্রতিবেদক : April 04, 2026

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বিশেষায়িত হাম ওয়ার্ড চালু করেছে।

শনিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএমইউয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানান, হাসপাতালের সি ব্লকের দ্বিতীয় তলায় হামে আক্রান্ত রোগীদের জন্য আট শয্যার একটি বিশেষায়িত ওয়ার্ড চালু করা হয়েছে। পাশাপাশি ওয়ার্ডটির পরিসর আরও সম্প্রসারণ করা হয়েছে।

হাম শনাক্তে দ্রুত ব্যবস্থা নিতে একটি স্ক্রিনিং সেন্টারও চালু করা হয়েছে। ইতোমধ্যে ওয়ার্ডটিতে চারজন রোগী ভর্তি রয়েছেন।

গত বৃহস্পতিবার পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান ও উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ওয়ার্ডটি পরিদর্শন করেন।

হাম পরিস্থিতি সার্বিকভাবে পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এছাড়া হাসপাতালের ২ নম্বর বহির্বিভাগে স্ক্রিনিং সেন্টার চালুর পাশাপাশি এফ ব্লকের দ্বিতীয় তলায় একটি সম্প্রসারিত আইসোলেশন ওয়ার্ড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share This